রাতের আঁধারে সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১২:২৫ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্ত এলাকায় রাতের আঁধারে নতুন করে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের অতি কাছাকাছি প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে পাকা সড়ক নির্মাণের প্রস্তুতিমূলক কাজ চলছিল, যা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেওয়ায় বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজে বাধা দিলে বিএসএফ কাজ বন্ধ করতে বাধ্য হয়। পরে তারা ধীরে ধীরে নির্মাণসামগ্রী সরিয়ে নিতে শুরু করে।

ঘটনাটি কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে খলিশাকোঠাল সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের এবং ভারতের পক্ষে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানাধীন মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪-এর ১ এস থেকে ৯৩৪-এর ১১ এস পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ভারতের অভ্যন্তরে একটি প্রধান সড়ক রয়েছে, যা বাংলাদেশ সীমান্ত থেকে ৫০ থেকে ১২০ গজ দূরত্বে অবস্থিত। ওই সড়কের পূর্ব পাশে নতুন করে পাকা সড়ক নির্মাণের কাজ শুরু করা হয়, যা বিএসএফের পাহারায় মূলত রাতের বেলা চলছিল।

খলিশাকোঠাল সীমান্ত এলাকার বাসিন্দা মজির রহমান ও নুর আলম লিপু জানান, গত কয়েক দিন ধরে বিএসএফ সদস্যদের সড়ক নির্মাণে ব্যস্ত থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর বালারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা টহল জোরদার করেন।

বালারহাট ক্যাম্প কমান্ডার সুবেদার আবু তাহের বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে বিজিবির টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে বিএসএফ নির্মাণসামগ্রী সরিয়ে নিচ্ছে।

এদিকে শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় জানান, বিএসএফ সড়ক নির্মাণের উদ্দেশ্যে মাটি ভরাট করছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবি দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী কয়েক দিনের মধ্যে সিও পর্যায়ে আরও একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এ ঘটনায় সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে সতর্কতা ও উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495