এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি: রুমিন ফারহানা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:১৫ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা বলেছেন, সাধারণ মানুষ তার পাশে রয়েছে বলেই শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে অংশ নেওয়ার সাহস পেয়েছেন।
শনিবার (১০ জানুয়ারি) রাতে সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রুমিন ফারহানা বলেন, “৯০-এর গণঅভ্যুত্থান হোক কিংবা ২৪-এর গণঅভ্যুত্থান—সবই সাধারণ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত। ২৪-এর ৫ আগস্ট রাজপথে সাধারণ মানুষ আমার বাইরে আমার দলের আর কোনো নেতাকে দেখেনি। তাই আমি বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।”
তিনি বলেন, “আমি কোনো দলের, কোনো গোষ্ঠীর কিংবা কোনো স্বার্থান্বেষী মহলের আপন নই। আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি জীবনকে বাজি ধরেছি।”
সমালোচকদের উদ্দেশে রুমিন বলেন, “যারা কিছুদিন আগেও কচুক্ষেতের তলায় ছিল, হ্যাজেক বাতি দিয়েও যাদের খুঁজে পাওয়া যেত না, তারা আজ আমার নেতাকর্মীদের মামলার ভয় দেখায়। ১৫ মাসে এত চর্বি হয়েছে যে, এখন তারা হুমকি দিতেও পিছপা হয় না।”
তিনি আরও বলেন, জনগণের সমর্থনই তাকে শক্তি জুগিয়েছে। “৫২-এর ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদারের আন্দোলন ছিল না। সে আন্দোলন করেছে কিছু ছাত্র ও খেটে খাওয়া সাধারণ মানুষ। সেই আন্দোলনে আমার বাবাও ছিলেন। তাদের আত্মত্যাগের কারণেই বায়ান্নর ভাষা আন্দোলনে গণমানুষের দাবি জয়ী হয়েছিল।”
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, সরাইল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জানুয়াদে খানসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।