‘মুজিব কোট আয়রন করে তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেবো’

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১১:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে সাবেক আওয়ামী লীগ কর্মী কাজী আতিয়ার রহমান রবি বলেছেন, “মুজিব কোট আমার ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। এখন তো আওয়ামী লীগ নেই। তাই এবার ধানের শীষে ভোট দেবো।”

কাজী আতিয়ার রহমান রবি দীর্ঘদিন এলাকায় আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন। তবে বর্তমানে তিনি বিএনপির সঙ্গে আছেন। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রূপাপাত এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “অনেকে বলেন, আপনি তো আগে আওয়ামী লীগ করতেন, এখন কেন বিএনপিতে? আমি দীর্ঘ ১৭-১৮ বছর গ্রামে থাকি, ভোট দিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। এখন আমরা একসাথে থাকব।”

বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত অতিথি ও দর্শকবৃন্দ হাসাহাসি করেন। মাহফিলে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের স্ত্রী আনজুমান বানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহিন, যুবদলের যুগ্ম-আহ্বায়ক জহুর ইকবাল পিন্টু ঠাকুর ও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শেখ মৌসুমী উপস্থিত ছিলেন।

কাজী আতিয়ার রহমান রবি পরে বলেন, “জনসম্মুখে যেভাবে বলেছি, সেভাবে বলা ঠিক হয়নি। এখন আমি বিএনপির সঙ্গে আছি, আর কিছু করার নেই।” উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান জানান, “উনি আমাদের কোনো পদধারী নেতা নন, এলাকার সম্মানিত মুরব্বি হিসেবে বক্তব্য দিয়েছিলেন। বিষয়টি কিছুটা বিব্রতকর হলেও ঘটেছে।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495