বরগুনায় জামায়াতের সঙ্গে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, বিএনপির ২ নেতা আহত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ এএম

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতের কর্মী-সমর্থকদের ছুরিকাঘাত ও মারধরে বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফার হাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক এবং ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারি।

পাথরঘাটা উপজেলা বিএনপির নেতাকর্মীদের বরাতে জানা যায়, খলিফার হাট বাজারের একটি দোকানে বিএনপির কয়েকজন নেতাকর্মী চা খাওয়ার সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় সেখানে উপস্থিত জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থকের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করা হয়।

হামলার সময় ছুরিকাঘাত ও লাঠিসোঁটার আঘাতে সরোয়ার হোসেন ফারুক ও সেলিম বেপারি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাসুদুল আলম বলেন, চরদুয়ানী এলাকার ঘটনায় এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা নেই।

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, জামায়াত-শিবিরের অতর্কিত হামলায় পাথরঘাটা উপজেলা বিএনপির দুই নেতা গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি নিন্দনীয়। তবে আমরা নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, চরদুয়ানী এলাকায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হলেও বিএনপির দুইজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495