জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব: ফেলানীর ছোট ভাই আরফান
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৯ পিএম
বাংলাদেশ-ভারত সীমান্তে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার কুড়িগ্রামের কিশোরী ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) নতুন সৈনিক হিসেবে যোগ দিয়েছেন।
বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে অবস্থিত বিজিবি ট্রেনিং সেন্টারে ১০৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে আরফান হোসেন বলেন, তার জীবনের প্রধান লক্ষ্য হলো সীমান্তে যেন আর কোনো পরিবার ফেলানীর মতো সন্তান হারানোর বেদনা না পায়। তিনি বলেন, “আমার বোনকে যেভাবে নির্মমভাবে সীমান্তে হত্যা করা হয়েছিল, সেই স্মৃতি আজও আমাকে কষ্ট দেয়। আজ আমি সেই সীমান্ত রক্ষার দায়িত্ব নিয়ে শপথ নিলাম।”
ফেলানী হত্যাকাণ্ডের ঘটনার পর থেকেই আরফান ও তার পরিবারের স্বপ্ন ছিল তিনি বিজিবিতে যোগ দেবেন। দীর্ঘ চার মাসের কঠোর প্রশিক্ষণ শেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার রামখানা–অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কিশোরী ফেলানী নিহত হন। এই ঘটনা বাংলাদেশে সীমান্তে বেসামরিক হত্যার একটি প্রতীকী ও আলোচিত ঘটনা হিসেবে পরিচিত। সম্প্রতি ঢাকার গুলশান কূটনৈতিক এলাকায় একটি প্রধান সড়কের নামকরণ করা হয়েছে ‘ফেলানী এভিনিউ’, যা রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার স্মৃতিকে সম্মান জানানোর উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।