তেলের টাকা না দিয়ে পালাতে গিয়ে পাম্প কর্মীকে গাড়িচাপায় হত্যা, সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম

ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে পালানোর সময় একটি গাড়ির চাপায় পেট্রল পাম্পের এক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত কর্মচারীর নাম রিপন সাহা (২৮)।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত করিম ফিলিং স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিপন সাহা সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের পবিত্র সাহার ছেলে এবং পরিবারের বড় সন্তান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ঢাকা মেট্রো-ঘ-১৩-৩৪৭৬ নম্বরের একটি কালো রঙের পাজেরো জিপ ফিলিং স্টেশনে আসে। গাড়িতে থাকা আবুল হাশেম সুজন পাঁচ হাজার টাকার অকটেন নেন। তেল নেওয়ার সময় তিনি পাম্প কর্মচারী রিপনের পাশেই দাঁড়িয়ে ছিলেন।

তেল নেওয়া শেষে টাকা পরিশোধ না করেই সুজন গাড়িতে উঠে চালককে দ্রুত চলে যেতে বলেন। টাকা চাইতে রিপন গাড়ির পেছনে গেলে একপর্যায়ে গাড়ি থামিয়ে তার সঙ্গে কথা বলেন সুজন। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই হঠাৎ দ্রুতগতিতে গাড়ি চালিয়ে দিলে রিপন গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার প্রত্যক্ষদর্শী করিম ফিলিং স্টেশনের কর্মচারী নজরুল ইসলাম জানান, গাড়িটি প্রায় একশ গজ দূরে গিয়ে রিপনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গাড়ি ও অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। শুক্রবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকা থেকে আবুল হাশেম সুজন (৫৫) ও তার গাড়িচালক কামালকে গ্রেপ্তার করা হয়। গাড়িটিও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৮ সালে জেলা যুবদলের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি সম্প্রতি জামিনে মুক্ত ছিলেন।

আহল্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, তেলের টাকা না দিয়ে পালানোর সময় গাড়িচাপায় একজন কর্মচারী নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিহত রিপনের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তার বাবা পবিত্র সাহা বলেন, “আজ আমার বড় ছেলের জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল। সব শেষ হয়ে গেল। আমি এই হত্যার বিচার চাই।”

করিম গ্রুপের ম্যানেজার ইমরান হোসেন জীবন বলেন, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো হবে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495