জুমার নামাজে মসজিদে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:৫২ পিএম
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর জোহাদিয়া দরবার মসজিদে জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে জসিম উদ্দিন নির্বাচনী বক্তব্য দেন।
ভিডিওতে দেখা যায়, জসিম উদ্দিন নিজেকে স্থানীয় সন্তান ও ভাই হিসেবে পরিচয় দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে দোয়া এবং সমর্থন চেয়েছেন। তিনি বলেন, “আপনারা জানেন, আমাকে এই ধানের শীষ প্রতীক দেওয়া হয়েছে। আমার মাধ্যমে এটি ফেরত এসেছে। গত ২১–২৩ বছর ধরে কেউ এই প্রতীকে ভোট দিতে পারেনি।” তিনি আরও উল্লেখ করেন, “আমি সরকারি টাকা আত্মসাৎ করতে আসিনি। আমি এসেছি মানুষের কল্যাণ, অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়াতে।”
জসিম উদ্দিন আশ্বাস দেন, তিনি চন্দনাইশে কোনো হানাহানি, প্রতিহিংসা বা রাজনৈতিক দখলের রাজনীতি হতে দেবেন না। তিনি বলেন, তার লক্ষ্য হলো স্থানীয় উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক কল্যাণে কাজ করা। এছাড়া তিনি তার দলের চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া দায়িত্ব সফলভাবে পালন করতে জনগণের দোয়া চেয়েছেন।
তবে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, ২০২৫-এর বিধি ১৮ অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবে না। এ অবস্থায় জুমার নামাজের মসজিদে নির্বাচনী বক্তব্য দেওয়ার ঘটনা অনিয়মের মধ্যে পড়ে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাজিব হোসেন বলেন, “আমরা অভিযোগটি পেয়েছি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ বিষয়ে জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বক্তব্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কোনো ভোট চাইনি, কেবল সকলের কাছে দোয়া চেয়েছি। বিষয়টি পজিটিভভাবে দেখানো হোক।”
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।