আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩২ পিএম
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে মাহবুবুল আলম সালেহী বলেন, “মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। আপিলে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছি। নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।