ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ পিএম
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার বিষ্ণুদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনোহরপুর ইউনিয়নের যুবদল নেতা ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরী এবং শৈলকুপা উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার সাদাতের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুই দিন আগে বিষ্ণুদিয়া গ্রামের একটি মসজিদের জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
ওই ঘটনার জেরে সোমবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে পাঁচজনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ফরিদপুর, কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এলাকায় বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।