চরফ্যাশনে ধানের শীষের ভোট না চাওয়ায় নারীর মাথা ফাটালো যুবদল নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে ধানের শীষের পক্ষে ভোট চাইতে না যাওয়ায় হাজেরা বেগম নামে এক নারীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনাটি ঘটে সোমবার (১৯ জানুয়ারি) সকালে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ইউনিয়নের চর মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। অভিযুক্ত যুবদল নেতা শাহাবুদ্দিন (৩৭) ওই এলাকার বাসিন্দা শাহাদাৎ হাওলাদারের ছেলে।

আহত হাজেরা বেগম বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, গত রোববার শাহাবুদ্দিন তাকে ধানের শীষ মার্কার পক্ষে ভোটারদের কাছে যেতে বলেন। তিনি এতে অস্বীকৃতি জানালে সোমবার সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় শাহাবুদ্দিন তাকে বাধা দেন এবং অন্য প্রতীকের পক্ষে কাজ করতে নিষেধ করেন। এতে তিনি রাজি না হলে তাকে গালিগালাজ ও মারধর করা হয়।

হাজেরা বেগম আরও অভিযোগ করেন, মারধরের সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে লিমাকে শাহাবুদ্দিন ও তার স্ত্রী লাইজু বেগম মারধর করে এবং পেটে লাথি দেয়। এ সময় কাঠ দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। হামলার ঘটনায় তার মাথায় ছয়টি ও ছিঁড়ে যাওয়া কানে দুটি সেলাই দিতে হয়েছে বলে জানান তিনি।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযুক্ত যুবদল নেতা এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তার ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে যুবদল নেতা শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495