মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫০০ বসতি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১২:০৪ পিএম
কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০০টি বসতি পুড়ে গেছে। সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে এ আগুনের ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে উখিয়ার শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের একটি এনজিও পরিচালিত শিখন কেন্দ্র থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের বসতিগুলোতে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্প এলাকার ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৫০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস কক্সবাজার স্টেশনের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য্য জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৫০০টি বসতি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। তবে দ্রুত উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালানোয় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয়রা জানান, প্রথমে শিখন কেন্দ্রে আগুন লাগে এবং পরে তা পার্শ্ববর্তী শেড ও বসতিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায় এবং এর আগের রাতে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে দশটির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের জন্য জরুরি মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।