নারী সেজে ফেসবুকে প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেল করে টাকা আদায়; যুবক গ্রেপ্তার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ফেসবুকে নারী সেজে প্রেমের ফাঁদ পেতে পরে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে হবিগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহায়তায় কুমিল্লা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) হবিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেন এক ভুক্তভোগী। অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘Sumaiya Akter Mim’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে এক ব্যক্তি নারী পরিচয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে বিভিন্ন সময় মোট ১ লাখ ৭১ হাজার ৯০০ টাকা আদায় করে নেয় প্রতারক।

অভিযোগের পর হবিগঞ্জ জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে বুধবার (২১ জানুয়ারি) জেলা গোয়েন্দা শাখার একটি দল কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে মো. মেহেদী হাসান জীবন নামের ওই যুবককে গ্রেপ্তার করে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন নারীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা করে আসছিলেন। তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে একাধিক ভুয়া আইডি ও প্রতারণার প্রমাণ পাওয়া গেছে।

এ ঘটনায় ‘সাইবার সিকিউরিটি অধ্যাদেশ ২০২৫’ অনুযায়ী হবিগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ আরও জানিয়েছে, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ দমনে জেলার সব থানায় বিশেষ নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495