মাগুরায় ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:০২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাগুরা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ক্যামেরা স্থাপনের মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের এই হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনায় আসে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মাগুরা-১ নির্বাচনি এলাকার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা রিটার্নিং কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের নির্দেশনায় মঙ্গলবার বিকেলে ভোটকেন্দ্রটিতে দুটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদভাবে তদারকির উদ্দেশ্যেই ক্যামেরাগুলো বসানো হয়েছিল। তবে স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই একটি ক্যামেরা ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাত এক ব্যক্তি লাঠি দিয়ে সিসিটিভি ক্যামেরাটিতে আঘাত করে ভেঙে ফেলে। পরে বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার সব ভোটকেন্দ্রে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ভাঙচুর হওয়া ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক ব্যক্তি সরাসরি লাঠি দিয়ে ক্যামেরায় আঘাত করছে। তবে আলোর স্বল্পতার কারণে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ভোটকেন্দ্রটির সামনে একটি বড় খেলার মাঠ ও পাশে নিরিবিলি সড়ক থাকায় সেগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে নজরদারির জন্য সিসিটিভি বসানো হয়েছিল। কিন্তু রাতের মধ্যেই দুর্বৃত্তরা একটি ক্যামেরা ভেঙে ফেলে। সকালে বিদ্যালয়ের নাইটগার্ড ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পান।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে স্থানীয় ছয়জন যুবককে শনাক্ত করা হয়েছে, যারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে ভোটকেন্দ্রে এ ধরনের ভাঙচুরের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহল দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।