৯ মাসের সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতার স্ত্রী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০১:২৩ এএম
বাগেরহাটে ৯ মাসের শিশুসন্তানকে হত্যার পর নিজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) নামের এক গৃহবধূ। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নাজিম হোসেন। তিনি ও তার মা কানিজ সুবর্ণা স্বর্ণালী বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তান। জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন স্বর্ণালী। হতাশা থেকেই তিনি প্রথমে তার ৯ মাসের শিশুকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা আরও জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম। এরপর থেকে স্বামীকে মুক্ত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিলেন স্বর্ণালী। এ নিয়ে তিনি মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন।
জানা গেছে, সাদ্দামের বাড়িতে তার মা, বোন, স্ত্রী ও সন্তান একসঙ্গে বসবাস করতেন।
স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার বলেন, তার মেয়ে আত্মহত্যা করেছে বলে তারা ধারণা করছেন এবং এ ঘটনায় কাউকে দোষ দিতে চান না। ময়নাতদন্ত ছাড়াই মেয়ে ও নাতনির মরদেহ নেওয়ার জন্য তারা আবেদন করেছেন বলেও জানান তিনি।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মা ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা না আত্মহত্যা—সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।