জামায়াতে যোগ দিলেন চরমোনাইয়ের সাবেক জেলা সভাপতি আমেল খান
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০৭ এএম
নাটোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরী তার ছয়জন অনুসারীসহ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে শহরের মাদরাসা মোড়ে নাটোর জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ও অধ্যাপক নজরুল ইসলাম। নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনের এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান এবং জয়েন্ট সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে অ্যাডভোকেট আমেল খান চৌধুরী বলেন, সুদ ও ঘুষমুক্ত ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশায় তিনি জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে তার অনুসারীদের নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
নাটোর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মীর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট আমেল খান চৌধুরী সাবেক সেনা কর্মকর্তা রেজাউল ইসলামসহ ছয়জন নেতা-কর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
তিনি আরও জানান, নতুন যোগদানকারী নেতাকর্মীরা দেশে সুদ, ঘুষ ও বৈষম্যহীন ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
এ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বিজয়ী করতে তারা মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করবেন বলেও অঙ্গীকার করেন যোগদানকারীরা।