ক্ষমতায় গেলে প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারি হাসপাতাল করার ঘোষণা বিএনপি প্রার্থীর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০৩ পিএম
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আ. রহমান ফরাজী শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক ইউনিয়নে একটি করে সরকারি হাসপাতাল থাকবে। এই প্রতিশ্রুতি তিনি উপজেলার রাঙ্গাবালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দেন।
রহমান ফরাজী বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ এবং গ্রামাঞ্চলের জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। মা-বোনেরা বা ভাইবোনরা হঠাৎ অসুস্থ হলে সহজে ঢাকায় বা উপজেলা হাসপাতালে যাওয়া সম্ভব হয় না। তাই দেশনায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন, প্রত্যেক ইউনিয়নে মিনি হসপিটাল থাকবে, যাতে পর্যাপ্ত ডাক্তার, নার্স এবং পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি থাকবে। এতে করে মানুষ স্থানেই চিকিৎসা নিতে পারবে, বিশেষ করে মাতৃসন্তানকালীন জরুরি সেবা সহজলভ্য হবে।
রহমান ফরাজী আরও বলেন, আওয়ামী লীগের প্রতি তাদের কোনো বিদ্বেষ নেই। যারা দেশের বাইরে চলে গেছেন বা দেশে আছেন, যারা ন্যায়নিষ্ঠভাবে কাজ করছেন, তাদেরকে কোনো হস্তক্ষেপ করা হবে না। তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটের আহ্বান জানান।
উঠান বৈঠকটি ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আক্কাস হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান অরুন মীর, রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. আবদুল মন্নান এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।