গাজায় হামাস ইসলামের জন্য ক্ষতিকর: বিএনপি প্রার্থী হারুনের ছেলে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
আল-কায়েদা, আইসিস ও হামাস ইসলামের জন্য ক্ষতিকর—এমন মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইত ইবনে হারুন রাফি।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।
রুবাইত রাফি বলেন, আন্তর্জাতিক বিশ্বে আজ মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। মানুষ মুসলমানদের বোঝে ও সম্মান করে। কিন্তু ধর্মকে ব্যবহার করে যখন জঙ্গিবাদ সৃষ্টি করা হয়, তখন ইসলামের প্রকৃত আহ্বান মানুষের কাছে পৌঁছায় না। এতে শয়তানের ডাক আর ইসলামের ডাক গুলিয়ে যায়।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়। এসব গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, কেউ যেন বলতে না পারে যে আমাদের মা-বোনেরা দুর্বল।
এ বিষয়ে বক্তব্যের প্রসঙ্গে রুবাইত ইবনে হারুন রাফির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।