আদালত প্রাঙ্গণে সাংবাদিককে লাথি, বিআরটিএর সাবেক কর্মকর্তার ভিডিও ভাইরাল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:২২ পিএম

ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় জামিন নামঞ্জুর হয়ে কারাগারে নেওয়ার সময় আদালত চত্বরে এক ফটো সাংবাদিককে লাথি মারার অভিযোগ উঠেছে বিআরটিএর সাবেক সহকারী পরিচালক শাহ আলমের বিরুদ্ধে। ঘটনাটি পুলিশের উপস্থিতিতেই ঘটে। এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা যায়, অবৈধ যানবাহনের ভুয়া রেজিস্ট্রেশন দেওয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় উচ্চ আদালতের জামিন শেষে শাহ আলম ওইদিন জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক শেখ ফারুক হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে পুলিশি পাহারায় তাকে আদালত থেকে বের করার সময় স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক আব্দুর রহমান ছবি তুলতে গেলে শাহ আলমের স্বজনরা বাধা দেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাহ আলম নিজেই পুলিশের সামনে সাংবাদিক আব্দুর রহমানকে লক্ষ্য করে সজোরে লাথি মারেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক জানান, পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো ধরনের উসকানি ছাড়াই তার ওপর এই হামলা চালানো হয়েছে।

কারাগারে পাঠানো শাহ আলম বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও চট্টগ্রাম বিআরটিএতে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, গত আট বছরে তার বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, পিরোজপুর ও ঝালকাঠিতে কর্মরত থাকাকালে তিনি প্রায় এক হাজার অবৈধ গাড়ির ভুয়া রেজিস্ট্রেশন দেন। এছাড়া ২০২২ সালে বরিশাল বিআরটিএতে কর্মরত অবস্থায় মার্চ থেকে অক্টোবর পর্যন্ত আরও ২৫৫টি গাড়ির অসংগতিপূর্ণ রেজিস্ট্রেশন দেন। একই বছরের নভেম্বর ও ডিসেম্বরে তদন্ত চলমান থাকা সত্ত্বেও তিনি আইন অমান্য করে আরও ৮৯টি অবৈধ গাড়ির রেজিস্ট্রেশন প্রদান করেন। এসব রেজিস্ট্রেশনের মালিকদের ঠিকানা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় হলেও তারা সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দা ও ভোটার বলে জানা গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495