বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধার অভিযোগ তুলে যা বললেন মান্না
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
বগুড়া–২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, বিএনপির প্রার্থী মীর শাহে আলমের কর্মী-সমর্থকেরা কেটলি প্রতীকের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন। একই সঙ্গে তিনি ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও তুলেছেন।
মঙ্গলবার রাতে বগুড়া প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মাহমুদুর রহমান মান্না। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির প্রার্থী ও বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম।
সংবাদ সম্মেলনে মান্না বলেন, শুরু থেকেই তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য নানা ইস্যু তৈরি করা হয়েছে। ঋণখেলাপি হওয়ার অভিযোগকে ‘চক্রান্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, ব্যবসা ও ব্যাংকঋণ সংক্রান্ত জটিলতায় আদালতে যেতে হওয়ায় প্রার্থিতা প্রক্রিয়ায় সময় লেগেছে। এই সুযোগে একটি পক্ষ এলাকায় ডামি প্রার্থী দিয়ে মাঠ দখলের চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
মাহমুদুর রহমান মান্নার দাবি, এলাকায় আসার পর থেকেই তার সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। কেটলি প্রতীকের পক্ষে কাজ করলে মামলা ও নানা ধরনের হয়রানির হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, নাগরিক ঐক্যের নারী সংগঠনের সদস্যদের শিবগঞ্জ উপজেলার মোকামতলা ও দেউলি এলাকায় প্রচারণায় বাধা দেওয়া হয়েছে। এমনকি হ্যান্ডমাইকে প্রচার চালালেও ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, থানায় মামলা দিতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পরিস্থিতির অবনতি হলে নির্বাচন সুষ্ঠু হবে কি না, সে নিয়েও শঙ্কা প্রকাশ করেন নাগরিক ঐক্যের এই নেতা। তবে এখনো নির্বাচন কমিশন বা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করা হয়নি বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বলেন, মাহমুদুর রহমান মান্না এলাকায় দেরিতে এসে ভোটারদের সাড়া না পেয়ে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। ধানের শীষের কর্মী-সমর্থকেরা কোনোভাবেই কেটলি প্রতীকের প্রচারণায় বাধা দেয়নি বলে দাবি করেন তিনি।