দাঁড়িপাল্লায় প্রতীকে ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম
বগুড়ায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়া ও নির্বাচনী অফিস উদ্বোধনের পর ইউনিয়ন জামায়াতের এক নেতার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে জেলার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হলেন নেপালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলমগীর হোসেন আলম। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে বুরুজবাজার কদমতলী এলাকায় গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। ওইদিন রাত আনুমানিক আড়াইটার দিকে দুর্বৃত্তরা আলমগীর হোসেন আলমের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আগুনে বসতবাড়ির আসবাবপত্রসহ ঘরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে থানা পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন আলম বলেন, “মঙ্গলবার দিনভর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম রব্বানীর পক্ষে গণসংযোগ করার পর রাতেই আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে।”
এ ঘটনায় বগুড়া-৭ আসনে জামায়াতের নির্বাচনী পরিচালক মাওলানা আব্দুল হাকিম সরকার বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা কাউকে অভিযুক্ত করতে চাই না। তবে আমাদের কর্মী ও নারী ভোটারদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। নির্বাচনে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড আশা করি।”