দাঁড়িপাল্লার পক্ষে কথা বলায় ভিক্ষুককে মারধরের অভিযোগ দুই যুবদল নেতার বিরুদ্ধে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ এএম
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোহাম্মদ জোমা গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে এক ভিক্ষুককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর উপজেলা যুবদলের সহসভাপতি আশিক ও কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি অনিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
আহত ভিক্ষুকের নাম আবু তালেব। মারধরের পর তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আবু তালেবের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে তিনি ভ্যানে করে ভিক্ষা করতে বের হন। এ সময় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলাকে কেন্দ্র করে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আশিক ও অনিক নামের দুই যুবদল নেতা তাকে মারধর করেন এবং তার ভিক্ষার ভ্যানগাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ।
মারধরে আহত হলে স্থানীয়রা আবু তালেবকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে।
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।