চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি নেতা আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় চাঁদা না দেওয়ায় এক কলেজ শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগে টিপু সুলতান (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাঘা উপজেলার আড়ানী পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক টিপু সুলতান আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে।

ভুক্তভোগী কলেজ শিক্ষক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, বিকেলে তিনি নিজ বাড়ির নতুন নির্মাণকাজ তদারকির সময় টিপু সুলতান মোটরসাইকেলে করে সেখানে এসে নির্মাণকাজ বন্ধ করতে বলেন। কারণ জানতে চাইলে তিনি বিএনপির এক শীর্ষ নেতার নাম ব্যবহার করে এক লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত টিপু সুলতান প্রকাশ্যে অধ্যাপক শফিকুল ইসলামকে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বাঘা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন ইসলাম ঘটনাস্থলের শোরগোল শুনে সেখানে থামেন। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য শুনে তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, টিপু সুলতান অতীতে আওয়ামী লীগ সরকারের সময় দলটির সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তনের পর তিনি ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলে নিজেকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিতে শুরু করেন।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495