চট্টগ্রামে ‘গেম অব থ্রোনস’ সিরিজের আদলে জামায়াতের আমিরের ব্যানার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোনস–এর আদলে তৈরি ব্যানার ঘিরে চট্টগ্রামে শুরু হয়েছে আলোচনা। সিরিজটির বহুল পরিচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ ব্যবহার করে সেখানে বসানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি।
সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরের হালিশহর ও চকবাজার এলাকায় এসব ব্যানার চোখে পড়ে।
ব্যানারগুলোতে গেম অব থ্রোনস–এর মূল চরিত্র জন স্নোর স্থলে এডিট করে বসানো হয়েছে জামায়াত আমিরের ছবি। তলোয়ারের পরিবর্তে তার হাতে দেখা যাচ্ছে দাঁড়িপাল্লা প্রতীক। ব্যানারের পটভূমিতে রাখা হয়েছে তুষার ও নেকড়ের ছবি, যা সিরিজটির পরিচিত থিমের সঙ্গে মিল রেখে তৈরি করা হয়েছে।
ব্যানারের নিচে ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’ লেখা রয়েছে। এ নামে ফেসবুকে একটি গ্রুপও রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে জামায়াতের আমির শফিকুর রহমানের। এই ব্যানারগুলো তার আগমনকে কেন্দ্র করেই টাঙানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।