ফরিদপুরে জামায়াতের ইউনিয়ন সভাপতিকে কুপিয়ে জখম
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম
ফরিদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত নূর আলম মুন্সী ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ হামলার ঘটনা ঘটে।
আহত নূর আলম মুন্সী জানান, তিনি বাড়ি থেকে জামায়াতে ইসলামীর মালিগ্রাম অফিসের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তারাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা মুখ ঢাকা কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে।
তিনি আরও জানান, মোটরসাইকেল থামানোর পর হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। জ্ঞান ফিরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।