নির্বাচনী ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা উধাও
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম
নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের একটি ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। সদর উপজেলার কুশাখালি ইউনিয়নের দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ছিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে মোট তিনটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৪টায় নির্ধারিত সময়ে বিদ্যালয় ছুটি দেওয়ার পর শিক্ষকরা চলে যান। এরপর টানা তিনদিন বিদ্যালয় বন্ধ ছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, নিচতলায় স্থাপিত তিনটি সিসি ক্যামেরার মধ্যে দুটি খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে একই চিত্র দেখা যায়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মদ মমতাজ বেগম বলেন, নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার বিদ্যালয় বন্ধ করে সবাই চলে যান। তিনদিন পর এসে ভোটকেন্দ্রে স্থাপিত দুটি সিসি ক্যামেরা চুরি হয়ে যাওয়ার বিষয়টি নজরে আসে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হয় এবং থানায় অভিযোগ করা হয়।
এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে এটি বড় ধরনের অন্তরায়। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবি করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব বলেন, ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি বা নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির উদ্দেশ্যেই এ ধরনের নাশকতামূলক কাজ হতে পারে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সিসি ক্যামেরার গুরুত্ব অপরিসীম বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন এবং এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।