বিএনপি-ইসলামী আন্দোলন ছেড়ে জামায়াতে যোগ দিলেন দুই শতাধিক নেতাকর্মী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।
বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান এবং মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জামালপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিন, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদী, মেরুরচর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি কামরুজ্জামান মাস্টার, অ্যাডভোকেট ইলিয়াছ হোসেনসহ জামায়াত, শিবির ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাবেক বিএনপি নেতা মাসুদ মিয়া বলেন, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দলের দুঃসময়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। তবে সে অনুযায়ী দলের কাছ থেকে তিনি সম্মান ও মূল্যায়ন পাননি বলে অভিযোগ করেন। জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই দলে যোগ দিয়েছেন বলে জানান।
তিনি আরও বলেন, ভবিষ্যতে আজীবন জামায়াতে ইসলামীর আদর্শের পথে থেকে সংগঠনের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।