সন্ত্রাসীদের ব্যবস্থা না নেওয়া হলে আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়: ভিপি নুর

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪০ পিএম

ছবি: সংগৃহীত

সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল হক নুর।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

ভিপি নুর অভিযোগ করে বলেন, তার নির্বাচনী এলাকায় পরপর অন্তত পাঁচটি গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি বাড়িতে অগ্নিসংযোগ, একটি অফিস পুড়িয়ে দেওয়া, এক নারীকে ধর্ষণের পর হত্যা, চর বোরহানী অফিস ভাঙচুর এবং মানুষকে কুপিয়ে আহত করার মতো ঘটনা রয়েছে। এসব ঘটনায় প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয় বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি নির্বাচন কমিশনের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-কে অবহিত করা হয়েছে। তার অভিযোগ, এক স্বতন্ত্র প্রার্থী এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ জনপদে অশান্তি সৃষ্টি করছে এবং পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে।

ভিপি নুরুল হক নুর বলেন, তার এজেন্ট ও ভোটাররা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। দ্রুত ও কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি একটি বড় দলের প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি হয়েও যদি এমন নিরাপত্তাহীনতায় থাকি, তাহলে সাধারণ প্রার্থী ও ভোটারদের অবস্থা কী হতে পারে তা ভেবে আমি গভীরভাবে উদ্বিগ্ন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495