উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের নিজ কেন্দ্রে ধানের শীষ ৪১ ভোটে পরাজিত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলায় নির্বাচনী ফলাফলে এসেছে চমকপ্রদ মোড়। উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আহ্বায়ক অধ্যাপক মো. মোখলেছুর রহমান ও সদস্যসচিব আব্দুল হাই, দুজনেরই একই ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীক ৪১ ভোটে পরাজিত হয়েছে।
চর রাজিবপুর আলীম মাদ্রাসা কেন্দ্রে (৮৩ নং কেন্দ্র) মোট ভোটার ছিলেন ৩,২৬১ জন। এর মধ্যে ভোট পড়েছে ২,২৩৮টি, যা শতকরা ৬৮.৬৩ শতাংশ। কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আজিজুর রহমান (বিএনপি) পেয়েছেন ১,০৫০ ভোট। বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক (বাংলাদেশ জামায়াতে ইসলামী) পেয়েছেন ১,০৯১ ভোট। ফলে ব্যবধান দাঁড়ায় মাত্র ৪১ ভোট।
অন্য প্রতীকগুলোর মধ্যে হাতপাখা পেয়েছে ৪৬ ভোট, লাঙ্গল ১১, বালতি ৭, কাঁচি ৫ এবং মই পেয়েছে শূন্য ভোট।
উপজেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের নিজ ভোটকেন্দ্রেই ধানের শীষের এই পরাজয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। এই ফলাফল ভোটের গুরুত্ব ও স্থানীয় সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিজ দলের শীর্ষ নেতৃত্বের ভোটকেন্দ্রেই ধানের শীষের এই পরাজয় এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।