‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিএনপি নেতার অভিনব প্রতারণা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিএনপির নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে স্থানীয় নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত রাসেল ওরফে জিলানীর বিরুদ্ধে এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সোমবার কাশিপুর ইউনিয়নের নরসিংপুর এলাকায় কার্ড কিনেও পণ্য না পেয়ে ভুক্তভোগীরা বিক্ষোভ করেন এবং অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন।
অভিযোগ অনুযায়ী, মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাসেল ও তার স্ত্রী হাসিনা ‘জিসান ট্রেডার্স’ নাম ব্যবহার করে টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ড বিক্রি করেন। পবিত্র রমজানকে সামনে রেখে প্রায় ৩০০ পরিবারের কাছে ৫০ টাকা করে কার্ড বিক্রি করা হয়। কার্ড দেখিয়ে প্রতি মাসে ১ হাজার ৭২৫ টাকার পণ্য ১ হাজার ২৮৫ টাকায় কেনার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়।
সোমবার সকালে প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা থাকলেও দুপুর পর্যন্ত কোনো পণ্য না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন কার্ডধারীরা। পরে তারা একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। স্থানীয় সূত্র জানায়, কাশিপুরের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় অধিকাংশ স্বল্পশিক্ষিত নারীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
কার্ড ক্রেতা জুলেখা বেগম অভিযোগ করেন, তাদের বলা হয়েছিল সরকারিভাবে কোম্পানির মাধ্যমে কার্ড দেওয়া হচ্ছে। সকাল থেকে অপেক্ষা করলেও কেউ আসেনি, ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর ফতুল্লা থানা শাখার সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমান–এর নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি থাকলেও এখনো কার্যক্রম শুরু হয়নি। এর আগেই একটি প্রতারক চক্র কার্ড ছাপিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন আহমেদ জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।