কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে মধ্যরাতে এক খামার থেকে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের মুখে খামারের কর্মচারীকে জিম্মি করে এ লুট চালায়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজামপুর রেলস্টেশন-সংলগ্ন মধ্যম ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খামার মালিক আবু হেনা কায়সার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। লুটের বিষয়টি স্থানীয় নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

খামার মালিক আবু হেনা কায়সার বলেন, দুই বছর ধরে ওয়াহেদপুর ইউনিয়নে ছাগলের খামার পরিচালনা করে আসছেন তিনি। রাতে কয়েকজন দুর্বৃত্ত একটি গাড়ি নিয়ে এসে খামারের এক কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে খামারে থাকা ৪০টি ছাগল নিয়ে পালিয়ে যায় তারা।

তিনি আরও জানান, লুট হওয়া ছাগলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। এ ঘটনায় মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে এবং প্রয়োজন হলে লিখিত অভিযোগ দেওয়া হবে।

এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, কর্মচারীকে বেঁধে একটি খামার থেকে কিছু ছাগল লুটের বিষয়ে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495