স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে বিএনপি নেতার চাঁদা দাবি, দোকানে তালা দেওয়ার অভিযোগ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
কক্সবাজার-এর চকরিয়ায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ নোমানের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর নাম ব্যবহার করে তাকে হয়রানি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চকরিয়া পৌর এলাকায় সংবাদ সম্মেলন করে প্রতিকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন নোমান। তিনি কিছমত আলী পাড়া এলাকার মৃত মৌলভী নুর মোহাম্মদের ছেলে।
সংবাদ সম্মেলনে নোমান অভিযোগ করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় স্বরাষ্ট্রমন্ত্রীর শপথের দিন ফাঁসিয়াখালীর গাবতলি বাজারে তার মালিকানাধীন ‘ইত্যাদি স্টোর’-এ হামলা চালিয়ে তালা ঝুলিয়ে দেন স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক বলে জানান।
নোমান আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় নুরুল ইসলামের নিকটাত্মীয় হেলাল উদ্দিন হেলালী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার দোকানে প্রথম দফা হামলা হয়। ওই ঘটনায় মামলা হলে আসামিরা কারাগারে যান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সমঝোতা হয় এবং ননজুডিশিয়াল স্ট্যাম্পে ভবিষ্যতে দোকান নিয়ে কোনো বিরোধ না করার অঙ্গীকারনামা দেন নুরুল ইসলাম।
তবে সেই অঙ্গীকার ভঙ্গ করে দোকান দখলের চেষ্টা চলছে বলে দাবি করেন নোমান। তার অভিযোগ, বিভিন্ন সময় তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।
তিনি বলেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন—চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তাই মন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, দোকানটি তার নিজের এবং অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
উল্লেখ্য, চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসন থেকে নির্বাচিত হয়ে গত মঙ্গলবার সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন সালাহউদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পরদিন সচিবালয়ে তিনি বলেন, দেশে ‘মব কালচার’ বরদাশত করা হবে না।