ফরিদপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেছে আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় চকবাজার মোড় সংলগ্ন থানা রোডের কার্যালয়ে পূর্বে স্থাপিত দুটি স্ট্যান্ডে পতাকা টাঙানো হয়।

এই সময় ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি যুবলীগ নেতা কাওসার আকন্দ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়নসহ ৮–১০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা জয় বাংলা স্লোগানও দেন।

দেবাশীষ নয়ন জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরীর নির্দেশে এবং ফারহান ও কাওসারের নেতৃত্বে এই পতাকা উত্তোলন করা হয়। পরে উপস্থিতরা সকালের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।

প্রসঙ্গত, থানা রোডের কার্যালয়টি দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়েছে। ২০২২ সালে শহরের আলিপুর মহল্লায় নতুন জেলা কার্যালয় উদ্বোধন করা হলেও থানা রোডের অফিস শহর আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার হয়ে আসছিল। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর এই কার্যালয় পুড়িয়ে ফেলা হয় এবং পরে সেখানে জুলাই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495