বোরকা পরে ক্রেতা সেজে বাজারে ম্যাজিস্ট্রেট, ৭ ব্যবসায়ীকে জরিমানা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৮ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে শিবচর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৭ জন ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। অভিযান শুরুর আগে তিনি বোরকা পরে ছদ্মবেশে সাধারণ ক্রেতা সেজে বাজারের বিভিন্ন দোকানে গিয়ে মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পৌর বাজারের মাছ, মাংস, মুদি ও ফলের দোকান পরিদর্শন করে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ওজনে কম দেওয়া এবং খাসি ও ছাগীর মাংস একই দামে বিক্রির প্রমাণ পান তিনি। পরে প্রকাশ্যে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭, ৩৮ ও ৪০ ধারায় ৭টি দোকানকে অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং নিত্যপণ্যে কৃত্রিম সংকট বা সিন্ডিকেট না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে শিবচর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “রমজানে কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সেজন্যই ছদ্মবেশে বাজার মনিটরিং করেছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, রমজানজুড়ে বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495