বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভাগনিকে ধর্ষণের প্রমাণ মিলেছে: ডিবি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১২ পিএম
বরিশাল জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি সবুজ আকনের বিরুদ্ধে স্ত্রীর বোনের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
ডিবি জানায়, তদন্তে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারার অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। সে অনুযায়ী মামলাটি বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শফিকুল ইসলাম। তিনি জানান, চলতি সপ্তাহেই চার্জশিট গ্রহণ করা হয়েছে, তবে মামলাটি এখনও বিচারিক ফাইলে অন্তর্ভুক্ত হয়নি।
মামলার সূত্রে জানা গেছে, সবুজ আকনের স্ত্রী গর্ভবতী থাকাকালে তার দেখভালের জন্য স্ত্রীর বোনের মেয়েকে বাসায় রাখা হয়। অভিযোগ রয়েছে, সেই সুযোগে অভিযুক্ত কিশোরীকে উত্ত্যক্ত করেন এবং ২০২৪ সালের ২১ আগস্ট বরিশাল নগরীর এসআর রোড এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন।
ঘটনার কথা প্রকাশ না করতে ভুক্তভোগী ও তার মাকে হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। প্রায় ছয় মাস পর, গত ২৬ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।
তদন্তের শুরুতে মামলাটি দেখভাল করেন বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার এক উপপরিদর্শক। পরে দায়িত্ব পান ডিবির উপপরিদর্শক গাজী অহিদুল ইসলাম অহিদ। তার দাখিল করা অভিযোগপত্রে অপরাধের প্রাথমিক প্রমাণের কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগ ওঠার পর গত বছর ২৫ মে তাকে জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে স্থানীয়দের দাবি, বহিষ্কারের পরও তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
অভিযুক্ত সবুজ আকন দাবি করেছেন, মামলাটি তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক। চার্জশিট দেওয়ার বিষয়েও তিনি নিশ্চিত নন বলে মন্তব্য করেন।