কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্রনেতা কারাগারে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ পিএম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিএনপির এক নেতার দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাজারহাট আমলি আদালতের বিচারক মো. মমতাজুল করিম এ আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতা হাসান জিহাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৪ ফেব্রুয়ারি রাতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, হাসান জিহাদী ও তার সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেন। পরে শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসান জিহাদীর সমর্থকেরা। তাদের দাবি, উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। তারা অভিযোগ করেন, প্রকৃত ঘটনা আড়াল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল ওয়াদুদ জানান, নির্বাচন-পরবর্তী বিরোধের ঘটনায় হাসান জিহাদীসহ প্রায় ১৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষে জামিন শুনানিতে অংশ নেন কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরদার তাজুল ইসলাম ও অ্যাডভোকেট আহমদ আলী।