২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতীদল নেতার বিরুদ্ধে মামলা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি হাসপাতালের পরিচালকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাঁতীদল নেতাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রোববার মদনপুর স্পেশালাইজড হাসপাতালের পরিচালক মিতু আক্তার বাদী হয়ে বন্দর থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন এস এম মোমেন, মো. শফিউল্লাহ, এস এম বিল্লাল ওরফে টোকাই বিল্লাল, দ্বিপ হোসেন, আরাফাত ও সুজন। তাদের মধ্যে এস এম মোমেন মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

বাদী মিতু আক্তার অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর আসামিরা বিএনপির পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন এবং নিরীহ মানুষদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছেন। তাঁর দাবি, তাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে হাসপাতাল পরিচালনায় বাধা দেওয়ার হুমকি দেওয়া হয়।

তবে এস এম মোমেন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, চাঁদা দাবির ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495