বাসে চাঁদা তোলার সময় হাতেনাতে যুবদল নেতা আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার সময় সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভ নামে এক যুবদল নেতাকে পুলিশ আটক করেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে তাকে ১৫শ টাকাসহ গ্রেপ্তার করা হয়।
সুব্রত বিশ্বাস উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার তথ্যে জানা যায়, সোমবার সকালে উথুলী-পাটুরিয়া সংযোগ মোড়ে লাইনম্যান মিজানুর রহমান দায়িত্ব পালন করছিলেন। তখন সুব্রত বিশ্বাসসহ আরও তিন-চারজন ব্যক্তি এসে তার কাছ থেকে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেন। পরে তারা প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলতে থাকেন। বিষয়টি ম্যানেজারকে অবগত করলে পুলিশ মঙ্গলবার দুপুরে সুব্রতকে আটক করে, অন্যরা পালিয়ে যায়।
সেলফি পরিবহন প্রাইভেট লিমিটেড-এর ম্যানেজার মো. সবুর খান জানান, বাস চলাচলরত পরিবহনে চাঁদাবাজি ঠেকাতে পুলিশকে অবগত করা হয়েছে।
উথুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল বলেন, চাঁদাবাজিকে দল সমর্থন করে না। তিনি জানান, সংস্থার সঙ্গে আলোচনা করে সুব্রত বিশ্বাসের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, আসামীকে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।