সুনামগঞ্জে ছাত্রী হোস্টেলে মিলল বালতিভর্তি কনডম, সুপারসহ দুজনকে অব্যাহতি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

প্রতীকী ছবি

সুনামগঞ্জের একটি সরকারি ডিগ্রি কলেজের ছাত্রী হোস্টেলে বালতিভর্তি যৌন সুরক্ষাসামগ্রী (কনডম) পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে হোস্টেল সুপার ও ইতিহাস বিভাগের প্রধানকে ছাত্রী হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিক্ষোভের পর প্রশাসনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক কলেজে এসে শিক্ষার্থীদের দাবির মুখে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব প্রত্যাহার করেন। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

এর আগে বুধবার সকাল থেকেই বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল শুরু করেন। তাদের দাবি, হোস্টেল তদারকির দায়িত্বে থাকা ব্যক্তিদের অপসারণ এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়। বিকেল পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকে। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল সাময়িকভাবে ছাত্রী হোস্টেল ভবনে অবস্থান নিয়েছিল। সে সময় হোস্টেলে কোনো শিক্ষার্থী ছিলেন না। পরবর্তীতে ভবনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে বালতিভর্তি যৌন সুরক্ষাসামগ্রীর প্যাকেট পাওয়া যায় বলে কয়েকজন শিক্ষার্থী দাবি করেন।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হোস্টেলকে ঘিরে অনৈতিক কার্যক্রমের অভিযোগসংবলিত পোস্ট ছড়িয়ে পড়লে বুধবার বেলা ১১টার দিকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হলেও তাৎক্ষণিক দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495