ঈদের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

মাগুরা পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন ঈদ উপলক্ষে চাল বিতরণ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার পর বাটিকাডাঙা মোড়ে এ সংঘর্ষ শুরু হয়।

৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম অভিযোগ করেন, দেশীয় অস্ত্র নিয়ে একদল বিএনপি নামধারী ব্যক্তি দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত থাকতে পারে বলেও তিনি দাবি করেন।

সংঘর্ষে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী বাটিকাডাঙা মোড় থেকে শিবরামপুর মোড় পর্যন্ত অবস্থান নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিক্ষুব্ধরা এলাকা ছেড়ে সরে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে চাল বিতরণ নিয়ে ওয়ার্ড বিএনপি ও স্থানীয় কিছু সমর্থকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং দলীয় কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারি শুরু হয়।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলি সাদিক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে হামলায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, সংঘর্ষে সাত থেকে আটজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495