চাঁদাবাজির প্রতিবাদ করায় বিএনপি কর্মীর ওপর হামলা, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে চাঁদাবাজির প্রতিবাদ করায় মোশাররফ হোসেন নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নোমান বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই আব্দুল জব্বার বাদী হয়ে চরজব্বার থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম ওরফে দিদার মাঝিসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদাবাজি নিয়ে কথা কাটাকাটির জেরে বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন মোশাররফ। অভিযোগ রয়েছে, দিদার মাঝি, তার ছেলে ইরাক, হৃদয়, সাঈদী, সাইফুল ও মহিউদ্দিনসহ একদল লোক দেশীয় অস্ত্র—কিরিচ, রামদা, লোহার রড ও হকিস্টিক নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় মোশাররফের মাথায় একের পর এক কিরিচের কোপ দেওয়া হয়। এতে মাথার তিন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। লোহার রডের আঘাতে তার ডান হাতের কবজির হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

আহত মোশাররফ জানান, হামলার একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তার পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা এবং প্রায় ১৮ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে রাস্তার পাশের পানিতে ফেলে রেখে যায়।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি নোয়াখালী জেনারেল হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার মাথায় তিন স্থানে যথাক্রমে ৮টি, ৫টি ও ৭টি সেলাই দিতে হয়েছে।

মামলার বাদী আব্দুল জব্বার দাবি করেন, আসামিরা এলাকায় প্রভাবশালী এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এ হামলার সুষ্ঠু বিচার ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করে দিদারুল আলম বলেন, মোশাররফকে স্থানীয় কৃষকরা মারধর করেছেন, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

চরজব্বার থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495