সীতাকুণ্ডে গলাকাটা অবস্থায় শিশু উদ্ধার, ধর্ষণের আশঙ্কা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় গলাকাটা অবস্থায় এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) দুপুর দুইটার দিকে স্থানীয় যুবকদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। গুরুতর আহত শিশুটির নাম ইরা (৭)। সে কুমিরা ইউনিয়নের মাস্টারপাড়ার নুর ইসলামের মেয়ে এবং মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় যুবক রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি জানান, ইকোপার্ক এলাকার প্রায় পাঁচ কিলোমিটার ওপরে সড়ক নির্মাণকাজ চলাকালে একটি খননযন্ত্রের চালক জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় একটি শিশুকে সড়কের দিকে হেঁটে আসতে দেখেন। পরে শ্রমিকদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়।
প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর একক সংকট সহায়তা কেন্দ্রে পাঠানো হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, শিশুটির গলার অংশে গভীর ক্ষত রয়েছে। তার পরিহিত জামার উপরের অংশ থাকলেও নিচের অংশ ছিল না। প্রাথমিকভাবে যৌন নির্যাতনের আশঙ্কা করা হচ্ছে। তবে পরীক্ষানিরীক্ষা শেষে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে সীতাকুণ্ড মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটি ইশারার মাধ্যমে ঘটনার বিষয়ে কিছু বোঝানোর চেষ্টা করছে বলেও জানান তিনি।