যুবদল নেতার ‘গরু চুরির’ কথা ফেসবুকে বলায় যুবককে পিটিয়ে হত্যা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে নিহতের স্বজনরা তার মরদেহ কলাপাড়া থানায় নিয়ে আসেন। এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত ইদ্রিস দক্ষিণ দৌলতপুর গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে। জীবিকার তাগিদে তিনি ঢাকায় তরকারি বিক্রি করতেন।

অভিযুক্ত জহিরুল ইসলাম নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে ইদ্রিস ফেসবুকে জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ তুলে পোস্ট ও মন্তব্য করেন। এতে জহিরুল ইসলাম ক্ষুব্ধ হন। কয়েকদিন আগে ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে আসেন। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি পাখিমারা বাজারে গেলে জহিরুল ইসলাম ও তার সহযোগীরা তাকে ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যান। সেখান থেকে চিকিৎসা শেষে তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তবে অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম দাবি করেন, ইদ্রিস তার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন। তিনি বা তার সহযোগীরা কোনো ধরনের মারধর করেননি।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495