সীতাকুণ্ডে শিশু ইরা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের শিশু ইরাকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে অবুঝ শিশুটি। চিকিৎসকদের বরাতে জানা যায়, মৃত্যুর আগে শিশুটি বর্বরোচিত নির্যাতনের শিকার হয়েছিল।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক-এর ভেতর একটি নির্জন স্থানে রক্তাক্ত অবস্থায় ইরাকে পড়ে থাকতে দেখেন সড়ক সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকরা। তখন তার গলা থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। মানবিকতার পরিচয় দিয়ে শ্রমিকরা নিজেদের পরনের কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ প্রয়োগ করে রক্ত বন্ধের চেষ্টা করেন এবং দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমায় ইরা।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশু ইরার বাড়ি উপজেলার কুমিরা এলাকায়। উদ্ধারের স্থানটি তার বাড়ি থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে। এত দুর্গম পাহাড়ি এলাকায় তার একা যাওয়ার সম্ভাবনা নেই বলেই ধারণা করছে পুলিশ।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত বাবু শেখ শিশুটিকে ফুসলিয়ে বা অপহরণ করে নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে পাশবিক নির্যাতনের পর হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ফেলে রেখে পালিয়ে যায়।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়। প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় হত্যা ও ধর্ষণের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।