নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কমলাভর্তি ট্রাক আটকে ছাত্রদল নেতার চাঁদাবাজি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কমলাভর্তি দুটি ট্রাক আটকে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকরাম হোসেন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ভারত থেকে আমদানি করা প্রায় ১০ মেট্রিক টন কমলা দুটি ট্রাকে করে ঢাকার উদ্দেশে পাঠানোর ব্যবস্থা করেন ব্যবসায়ী আকরাম হোসেন। তিনি নিয়মিতভাবে আমদানির অনুমতিপত্রের মাধ্যমে বিভিন্ন পণ্য দেশে এনে স্থানীয় বাজারে সরবরাহ করে থাকেন।
এসব পণ্য বৈধভাবে বাল্লা শুল্ক কেন্দ্র দিয়ে দেশে আনা হয় এবং এর জন্য সরকারকে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা শুল্ক পরিশোধ করা হয়। আমদানি করা কমলার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, ভারত থেকে আসা ট্রাক দুটি গাজীপুর ইউনিয়নের পাক্কাবাড়ি এলাকায় বাল্লাগামী সড়কে পৌঁছালে ইউনিয়ন ছাত্রদলের শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাসুক মিয়া এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ট্রাক দুটি আটকে দেন। এ সময় তারা ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ৭০ হাজার টাকা দিলে ট্রাক দুটি ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন গাজীপুর ইউনিয়নের মিশু মিয়া, মাসুক মিয়া, ছত্তার মিয়া, শাকিল মিয়া, সাহেল মিয়া ও জনি মিয়া। এছাড়া অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
ব্যবসায়ী আকরাম হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু হঠাৎ করে কয়েকজন ব্যক্তি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তার কাছে চাঁদা দাবি করেন। টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। পরিস্থিতির কারণে তিনি টাকা দিতে বাধ্য হন বলে জানান।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।