রাজশাহীতে মুয়াজ্জিন হত্যার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জামায়াতের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে মসজিদের ইমাম নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় মডেল মসজিদের মুয়াজ্জিন মো. আলাউদ্দিন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৮ মার্চ) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৭ মার্চ শনিবার সন্ধ্যায় মোহনপুর উপজেলায় ঈদের নামাজের ইমাম নির্বাচনকে ঘিরে মুয়াজ্জিন মো. আলাউদ্দিনের সন্তানদের সঙ্গে স্থানীয় কিছু নেতাকর্মীর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি শান্ত করতে এবং সন্তানদের থামাতে এগিয়ে এলে মুয়াজ্জিন আলাউদ্দিনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে এমন সহিংসতা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। মসজিদ মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ব ও শান্তির স্থান। সেখানে কোনো ধরনের সংঘর্ষ বা হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একজন মসজিদের মুয়াজ্জিনকে এভাবে হত্যা করা পুরো সমাজের জন্যই গভীর বেদনাদায়ক।

তিনি আরও বলেন, নিহত মো. আলাউদ্দিন এলাকায় একজন ধর্মপ্রাণ ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জামায়াত নেতা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

বিবৃতির শেষে অ্যাডভোকেট জুবায়ের সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দ্রুত নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495