মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় এক কৃষক বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম মো. জাকির হোসেন মিয়াজি (৪৫)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিণা গ্রামের বাসিন্দা। তিন মেয়ে ও দুই ছেলেসহ পাঁচ সন্তানের জনক জাকির হোসেন কৃষিকাজ করে পরিবার চালাতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন মিয়াজির দ্বিতীয় মেয়ে সাকিবা আক্তার (১৫) নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। প্রতিদিন স্কুলে যাওয়া-আসার পথে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছে নিশ্চিন্তপুর গ্রামের নাছির হোসেন মিয়াজির ছেলে ফাইম মিয়াজী (২৪), আইনুল কবির ফটিকের ছেলে মো. সাফিন (২৩), নওদোনা গ্রামের মিজান বেপারীর ছেলে রিফাত বেপারী এবং মহসিন শিকদারের ছেলে রিয়াদ শিকদারসহ আরও ১০ থেকে ১৫ জন যুবক।

পরিবার ও স্থানীয়দের দাবি, মেয়েকে উত্যক্তের বিষয়টি জানতে পেরে জাকির হোসেন মিয়াজি নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিশ্চিন্তপুর বাজার এলাকায় অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন এবং তার মাথায় মারাত্মক আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার (৮ মার্চ) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছোট ভাই হোসেন মিয়াজি চাঁদপুর আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

নিহত জাকির হোসেনের মেয়ে সাকিবা আক্তার জানায়, স্কুলে যাওয়া-আসার পথে কয়েকজন যুবক প্রায়ই তাকে উত্যক্ত করত। বিষয়টি বাবাকে জানালে তিনি স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। এরপর থেকেই তারা তার বাবার ওপর ক্ষিপ্ত ছিল এবং সেই কারণেই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নিহতের বড় মেয়ে জাকিয়া সুলতানা বলেন, অন্যায়ভাবে তার বাবাকে মারধর করে হত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চান।

নিহত জাকিরের স্ত্রী পারভীন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার স্বামী একজন সাধারণ কৃষক ছিলেন। মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। ছোট সন্তানদের নিয়ে এখন তিনি দিশেহারা হয়ে পড়েছেন এবং এ হত্যার বিচার দাবি করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হাসান জানান, জাকির হোসেন মিয়াজি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নতুন করে হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495