ভয় দেখিয়ে বাড়িতে নিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, হোটেল শ্রমিক গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০১:১৯ পিএম

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে আব্দুল মোমিন (৪২) নামে এক হোটেল শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চাঁদপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার আব্দুল মোমিন ওই এলাকার গেন্দা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যান এবং তার বাবা বাজারে দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে দুপুর দেড়টার দিকে অভিযুক্ত আব্দুল মোমিন মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দিয়ে মেয়েটিকে বাড়ি পাঠিয়ে দেয় সে।

পরে মা বাড়িতে ফিরে এলে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে এবং ঘটনার বিস্তারিত জানায়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী আব্দুল মোমিনকে আটক করে মারধর করে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরহাদ আলী জানান, রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগীকে হাসপাতালে আনা হয়। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস ইউনিটে পাঠানো হয়েছে। প্রাথমিক লক্ষণ দেখে ধর্ষণের বিষয়টি স্পষ্ট বলে জানান তিনি।

ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, নামাজে যাওয়ার সুযোগে অভিযুক্ত মোমিন তার মেয়ের সর্বনাশ করেছে। তিনি এর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান।

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আইনে মামলা রুজু হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495