ফ্যামিলি কার্ডের নামে গৃহিণীর চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১১:০৫ পিএম
নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক গৃহিণীর বাড়ি থেকে ব্যাংকের চেকবই নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ইব্রাহীম মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
অভিযুক্ত ইব্রাহীম মিয়া কাঠালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর গাফ্ফারের ছেলে এবং কাঠালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
ভুক্তভোগী গৃহিণী নাসিমা অভিযোগ করে জানান, ইব্রাহীম তাদের বাড়ির পাশেই বসবাস করেন। দারিদ্র্যের কারণে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তিনি ইব্রাহীমের কথায় রাজি হন। প্রথমে কার্ড করে দেওয়ার কথা বলে তার মূল জাতীয় পরিচয়পত্র নিয়ে নেন ইব্রাহীম। পরে জন্মনিবন্ধন সনদ না থাকায় নতুন করে করে দেওয়ার জন্য তার কাছে আট হাজার টাকা দাবি করা হয়।
নাসিমা আরও বলেন, একদিন ফ্যামিলি কার্ডের কাগজপত্র দেওয়ার কথা বলে ইব্রাহীম তার বাড়িতে যান এবং সেখান থেকে ব্যাংকের চেকবই নিয়ে আসেন। তবে তার মেয়ে বিষয়টি দেখে ফেলায় পরে চেকবইটি উদ্ধার করা হয়। সে সময় ইব্রাহীম জানান, ভুল করে চেকবইটি নিয়ে গেছেন। যদিও চেকবই ফেরত দিলেও এর ভেতর থেকে চার থেকে পাঁচটি চেকের পাতা পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে স্থানীয় যুবক মোহাম্মদ ইহসাক মিয়া বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা ও কাগজপত্র নেওয়ার অভিযোগ তিনি শুনেছেন। বিষয়টি স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সভাপতিকে জানানো হয়েছে।
নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ বলেন, বিষয়টি তার নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ইব্রাহীম মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ইব্রাহীম মিয়া বলেন, কয়েকটি কাগজ আনতে গেলে ভুলবশত চেকবইটি তার কাছে চলে আসে। পরে তিনি সেটি ফেরত দিয়েছেন।
এ বিষয়ে জানতে কাঠালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইহসাক মিয়ার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।