ছাত্রদল সভাপতির নেতৃত্বে মুরগি চুরি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ পিএম
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কলেজ ছাত্রদলের এক নেতার নেতৃত্বে মুরগিবাহী গাড়ি আটকিয়ে প্রায় ১৬০টি মুরগি চুরির অভিযোগ উঠেছে। এ সময় গাড়ির চালক ও সহকারীর মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টার পর উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের উছমানপুর গ্রামে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের হবিগঞ্জ এগ্রো লিমিটেড থেকে লেয়ার মুরগি নিয়ে একটি গাড়ি বের হলে এ ঘটনা ঘটে।
প্রাণ কোম্পানির উছমানপুরস্থ হবিগঞ্জ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপক মাসুদ আহমেদ জানান, প্রতিদিনের মতো ওই রাতে কোম্পানির মুরগিবাহী গাড়িটি বের হওয়ার কিছুক্ষণ পর ৩ নম্বর ফটকের সামনে পৌঁছালে একদল যুবক গাড়ির পথরোধ করে। এ সময় গাজীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল মিয়া (ফারহান শাকিল)-এর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক জোরপূর্বক গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, চুরির সময় গাড়ির চালক ও সহকারীর কাছ থেকে দুটি মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এ সময় কোম্পানির তত্ত্বাবধায়ক আশফাক ঘটনাস্থলে এগিয়ে এলে তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেয় অভিযুক্তরা। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপক মাসুদ আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাকিল গাজীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সভাপতি। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও চাঁদাবাজির একটি দল গড়ে উঠেছে।
তবে গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিয়াদ আহমেদ ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, শাকিল ফারহান গাজীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি হলেও তাকে দলীয় কোনো আন্দোলন বা কর্মসূচিতে সক্রিয়ভাবে দেখা যায়নি।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারী বা চাঁদাবাজ যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।