চেয়ারম্যান পদ বাঁচাতে দলীয় পদ ছাড়লেন,রাজীবপুর আ.লীগের সাধারণ সম্পাদক ছক্কু

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবির ছক্কু। তিনি একই সঙ্গে রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। বিষয়টি নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে নানা আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, চেয়ারম্যান পদ রক্ষার কৌশল হিসেবেই তিনি দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

জানা যায়, গত ৫ আগস্টের পর বিভিন্ন রাজনৈতিক মামলায় তিনি কারাগারে ছিলেন। বর্তমানে মামলাগুলো বিচারাধীন রয়েছে। তার এ সিদ্ধান্তকে ঘিরে এলাকায় এবং রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ফেসবুকে দেওয়া লিখিত বার্তায় হুমায়ুন কবির ছক্কু বলেন,
আমি মো. হুমায়ুন কবির (ছক্কু), সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ রাজীবপুর উপজেলা শাখা। শারীরিক অসুস্থতার কারণে আমি সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম। আজ থেকে আমি দলের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না।

তবে আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা জানান, এটি তার কৌশলগত সিদ্ধান্ত হতে পারে। তাদের মতে, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখা এবং ভবিষ্যতে নিজের অবস্থান সুরক্ষিত রাখার চিন্তা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। দলের দুঃসময়ে পদত্যাগ করে নিজেকে রক্ষা করাই তার মূল উদ্দেশ্য বলে তারা মন্তব্য করেন।

এ বিষয়ে হুমায়ুন কবির ছক্কুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495